হোম > জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারকে সিএসএ বাতিলের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারকে সাইবার সিকিউরিটি আইন (সিএসএ) ২০২৩ বাতিলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানায় তারা। 

বেসিস মনে করে, সিএসএ ডিজিটাল সিকিউরিটি আইন (ডিএসএ) ২০১৮ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন ২০০৬-এর ধারা ৫৭–এর দমনমূলক আচরণই অব্যাহত রেখেছে, যা দেশের সংবিধান পরিপন্থী এবং মানবাধিকারের ওপর চরম হুমকি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইবার সিকিউরিটি আইন সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং ভিন্ন মতাবলম্বীদের লক্ষ্য করে ব্যবহার করা হয়েছে হরহামেশা। যদিও আইন প্রণয়নকারীরা বারবার এই আইন প্রণয়নের পক্ষে বিভিন্ন যুক্তি প্রদর্শন করে এসেছেন এত দিন। সাম্প্রতিক ঘটনা, যেমন কোটাব্যবস্থার সমালোচনার জন্য অসংখ্য ব্যক্তির গ্রেপ্তার এবং ব্যঙ্গাত্মক পোস্টের জন্য অনেকের বিরুদ্ধে অভিযোগ, এই আইনের অপব্যবহারের উদাহরণ। 

বেসিস পরিচালক এম আসিফ রহমান বলেন, ‘সাইবার সিকিউরিটি আইন ডিজিটাল সিকিউরিটি আইনের বেশির ভাগ বিধানই বজায় রেখেছে। এই আইন কর্তৃপক্ষকে কোনো অনুমতি ছাড়াই ব্যক্তিদের অনুসন্ধান, গ্রেপ্তার এবং আটক করার অতিরিক্ত ক্ষমতা প্রদান করেছে। এই আইন সরকারকে অনলাইন কনটেন্টের ওপর নিয়ন্ত্রণের সুবিধা দেয় এবং ব্যক্তি বাক্‌স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে।’

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ‘সাইবার সিকিউরিটি আইন বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা এবং ব্যক্তি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ভিন্নমত দমনের অবসান ঘটাতে এবং আন্তর্জাতিক মানবাধিকার মানগুলোর সঙ্গে সংগতি রাখতে এই আইন বাতিল করতে হবে।’ 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসিস অন্তর্বর্তীকালীন সরকারকে সাইবার সিকিউরিটি আইন ২০২৩ বাতিল বা উল্লেখযোগ্যভাবে সংশোধন করার জন্য আহ্বান জানায়। একই সঙ্গে, এই আইনের আওতায় আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার এবং তাঁদের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহারের উদাত্ত আহ্বান জানায়। 

২০২৩ সালের সেপ্টেম্বরে জাতীয় সংসদে সাইবার সিকিউরিটি আইন পাস হয়। এর পর থেকে বিভিন্ন সংগঠন ও সংস্থা আইনটি বাতিলের দাবি জানিয়ে আসছিল। তবে বেসিসকে এর আগে কখনো এই আইন নিয়ে সরব হতে দেখা যায়নি ৷ সরকার পতনের পর সংগঠনটি সাইবার সিকিউরিটি আইন বাতিলের দাবি জানাল।

ভাষার সংরক্ষণ ও বিকাশে চাই আরও উদ্যোগ

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

একুশের প্রথম প্রহরে তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার