হোম > সারা দেশ > ঢাকা

সুফিয়া কামাল সম্মাননা পেলেন দুই বিশিষ্ট নাগরিক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জননী সাহসিকা কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই কীর্তিমান ব্যক্তিকে ‘সুফিয়া কামাল সম্মাননা’ দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সম্মাননা প্রাপ্তরা হলেন প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং প্রয়াত স্থপতি কবি রবিউল হুসাইন। আজ বুধবার (২৬ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁদের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহের কন্যা সাইকা মাহমুদ এবং প্রয়াত স্থপতি কবি রবিউল হুসাইনের পুত্র জিসান হুসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, সুফিয়া কামাল আজীবন নারী-পুরুষের সমতা, সাম্য ও সমাজের শান্তির জন্য লড়াই করেছেন। কুপ্রথার মধ্য থেকে তিনি নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রথা ভেঙে এগিয়েছেন, প্রতিবাদ করেছেন এবং পথ নির্মাণ করেছেন।

স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, সুফিয়া কামাল ছিলেন এক অতুলনীয় মানবিক গুণাবলির অধিকারী, যার ভেতরে থাকা আত্মশক্তিকে কোনো শাসকগোষ্ঠী কখনোই উপেক্ষা করতে পারেননি। পিতৃতান্ত্রিক এই সমাজে সুফিয়া কামাল কবি হিসেবে লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, স্বীকৃতি আদায় করেছেন এবং নারীর মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

অনুষ্ঠানে ‘নারীর প্রতি প্রচলিত গৎবাঁধা দৃষ্টিভঙ্গি: সুফিয়া কামালের আন্দোলন’ বিষয়ে স্মারক বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ড. আইনুন নাহার। তিনি বলেন, সুফিয়া কামাল শৈশবকাল থেকেই তাঁর জীবনব্যাপী নারীকে যে গৎবাঁধা ছকে ফেলে দেখা হয় তার সীমানা ভেঙেছেন, প্রশ্ন করেছেন সামাজিক রীতিনীতিকে। সহনশীল ও অটল মনোভাব থেকেই বাস্তবতার নিরিখে নারীর অধিকার ও সামাজিক ন্যায়বিচারের জন্য লড়াই করেছেন। তিনি খুব অল্প বয়স থেকেই ঘর-সংসার সামলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক-সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত থেকে পুরুষের আধিপত্যশীল পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক পরিসরে গৎবাঁধা লিঙ্গীয় মতাদর্শ ও চর্চাকে প্রশ্নবিদ্ধ করেছেন।

অনুষ্ঠানের শুরুতে কবি সুফিয়া কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রীবৃন্দ। এ সময় কবি সুফিয়া কামালকে নিয়ে তৈরি করা প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান এবং বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল। আবৃত্তি করেন বাংলা শুদ্ধ উচ্চারণ গবেষক ও আবৃত্তিকার গোলাম সারোয়ার।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো